দুই বছর পর রমনায় ফিরছে বর্ষবরণের আয়োজন  

মহামারির দাপট কমে আসায় দীর্ঘ দুই বছর পর রমনার বটমূলে ফেরার আয়োজন করছে ছায়ানট। এক মাসেরও বেশি সময় ধরে চলছে দলীয় পরিবেশনার মহড়ার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে বটমূলের বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদনও করা হয়েছে।  

শনিবার (২ এপ্রিল) বিকালে ধানমন্ডির ছায়ানট–সংস্কৃতি ভবনে এক সংবাদ সম্মেলনে ছায়ানটের সভাপতি বরেণ্য সংগীতজ্ঞ সনজীদা খাতুন বলেন, ‘আগ্রাসী করোনাকে দমাতে প্রায় দু’বছর আমরা গৃহবন্দি ছিলাম। এক বাস্তবিক মানবিক-সামাজিক-মানসিক ও অর্থনৈতিক বিপর্যয়কাল। সব শেকল ভেঙে বিশ্বজুড়েই আজ নব আনন্দে জেগে উঠবার আহ্বান।’

সংবাদ সম্মেলনে সনজীদা খাতুন আরও বলেন, বাংলা বর্ষবরণ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে, ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ব বাঙালির প্রধান প্রাণের উৎসব, বাঙালি ঐতিহ্যের অঙ্গ। আমাদের প্রত্যাশা, বটমূলে অর্ধশতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান। 

তবে রমজানের পবিত্রতা রক্ষায় ও স্বাস্থ্যবিধি মেনে এবারের আয়োজনে শিল্পী সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলেও জানিয়েছে ছায়ানট।