ইউক্রেনের স্থানীয় অঞ্চলের ১১ জন মেয়রকে বন্দি করেছে রাশিয়ার বাহিনী। এর মধ্যে বন্দিরত অবস্থায় এক মেয়রকে হত্যা করেছে। রবিবার (৩ এপ্রিল) ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এই তথ্য জানান। খবর সিএনএনের।
সামাজিক মাধ্যমে পোস্ট করা বার্তায় ভেরেশচুক বলেন, কিয়েভ, খেরসন, মিকোলাইভ এবং দোনেতস্ক অঞ্চল থেকে ১১ জন স্থানীয় মেয়র রাশিয়ার বন্দিশালায়।
তিনি জানান, এই বিষয়ে তারা রেড ক্রস, জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোকে অবহিত করবেন।
ভেরেশচুক বলেন, শনিবার ইউক্রেন সরকার জানতে পেরেছে কিয়েভ অঞ্চলের একটি গ্রাম, মতিজিনের মেয়র ওলগা সুখেনকো রুশ বাহিনীর হাতে বন্দি অবস্থায় খুন হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ রবিবার পর্যন্ত ৩৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।