শপিংয়ে যেতে না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদ শপিং করতে যেতে না দেয়ায় তাজমহল (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

 

শনিবার রাতে নিহতের ভাই জামাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

নিহতের বড় ভাই তাতুয়াকান্দা গ্রামের জামাল হোসেন জানান, ২ বছর আগে তার বোনের পার্শ্ববর্তী বাহেরচর গ্রামের ইসমাইলের ছেলে রুহুল আমীনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার বর্গ তাজমহলের উপর নানাভাবে নির্যাতন করতে থাকে। ঘটনার দিন শুক্রবার বেলা দেড়টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর দুপুর তিনটার দিকে তাজমহল তার শোবার ঘরের আঁঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শনিবার বিকালে তাকে মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্বামী রুহুল আমিন চাচ্ছিলেন তিনি নিজে বউকে ঈদ শপিং করে দেবেন। কিন্তু তাজমহল নিজেই মার্কেটে যাবেন বলে বায়না ধরেন। শপিংয়ে যেতে না দেয়ায় মনের দুঃখে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এ্কটি মামলা রুজু হয় এবং নিহতের স্বামী রুহুল আমিনকে পুলিশ আটক করে কোটে প্রেরণ করেছে।

 

ইত্তেফাক/এএম