নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কয়েকটি হাওরের প্রায় ৫শ একর জমির বোরো ফসল ঢলের পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টির পানিতে সৃষ্ট ওই পানি খালিয়াজুরীর ধনু নদী দিয়ে প্রবাহিত হওয়ায় নদী পানি উপছেই এখানকার অধিকতর নিম্নাঞ্চলীয় ও ফসল রক্ষা বাঁধের বাইরের ওই ফসল তলিয়েছে এমনটি জানিয়েছেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত।
রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ধনু নদীতে পানি বাড়েনি। কিন্তু আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল পর্যন্ত ভারতের ওই চেরাপুঞ্জিতে ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। যদি সেখানে বৃষ্টি হয়ই তবে ঢল আকারে নেমে ওই বৃষ্টি পানি ধনু নদীতে বিপৎসীমা অতিক্রম করতে পারে। তখন এ পানিতে তলিয়ে যেতে পারে এখানকার বোরো ফসল। যদিও নেত্রকোনার হাওরগুলোতে এবার ফসল রক্ষার লক্ষে ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যায়ে ১৮৩ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়েছে সেসব তলিয়ে যেতে পারে অতিরিক্ত পানির তোড়ে।
এদিকে, খালিয়াজুরী কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, এ উপজেলায় এবার ২১ হাজার ১শ ২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে এখানে ইতিমধ্যে ঢলের পানিতে তলিয়েছে ১শ ১৩ হেক্টর জমির ফসল। এসব ফসল ছিল দুধ ও দানা পর্যায়ে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম জানান, ধনু নদীর পানি এখনও বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচে রয়েছে। এখন খুব বেশি পানি না বাড়লে এখানকার ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।