ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের নামে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে রুশ বাহিনী। সেই সত্য আড়াল করতে ক্রেমলিনের কোনো বিভ্রান্তি ছড়ানো কাজে আসবে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর সেখানে বেসামরিক নাগরিক হত্যার আলামত ক্রমশ বাড়ছে। কিয়েভের বাইরে বুচা শহরের রাস্তায় সাংবাদিকরা অন্তত ২০টি লাশ খুঁজে পেয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই হত্যাযজ্ঞ ‘ইচ্ছাকৃত’ বলে অভিযোগ করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
এ প্রসঙ্গে এক টুইটে বরিস জনসন বলেন, ইরপিন এবং বুচায় নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে রাশিয়ার ঘৃণ্য হামলা আরও প্রমাণ যে, পুতিন এবং তার সেনাবাহিনী ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে।
তিনি আরও বলেন, ক্রেমলিনের কাছ থেকে কোনো অস্বীকার বা বিভ্রান্তিকর তথ্য এই সত্য লুকিয়ে রাখতে পারে না।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এই ঘটনায় তাদের কোনো হাত নেই। ইউক্রেনের প্ররোচনাতেই এমনটি হয়েছে। শহরটি দখলের সময় কোনো বেসামরিক নিহতের ঘটনা ঘটেনি। গত ৩০ মার্চ বুচা ছেড়েছে রুশ বাহিনী। যেসব ছবি ও ভিডিও ছড়িয়েছে তা ইউক্রেনীয় বাহিনীর কর্তৃক ছড়ানো ভূয়া তথ্য।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিইভের উপকণ্ঠে বুচা নামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার ট্যাংক ও সামরিক বাহনের একটি কলাম ইউক্রেইনীয় বাহিনীর চোরাগোপ্তা হামলায় পড়ে ধ্বংস হয়।