চিলমারীতে হঠাৎ ঘূর্ণিঝড়ে বসতবাড়ির ব্যাপক ক্ষতি 

হঠাৎ ঘূর্ণিঝড়ে চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে এ ঝড় আঘাত হানে। জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় ভোর ৫টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে এতে অন্তত ৫০টি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। সকালে নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করে তার নিজের বাড়িও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেন।

নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার এলাকার মো. দেলোয়ার হোসেন মাস্টার জানান, রবিবার ফজরের নামাজের পর হঠাৎ উত্তর দিকে গরম বাতাস এসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এতে চোখের পলকে উড়ে যায় দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের ভবন, দোকানপাটসহ প্রায় ৫০টি ঘরবাড়ির ছাউনি, বিশেষ করে দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

একই এলাকার নিল চাঁদ ব্যাপারী জানান, ভোরে হঠাৎ গরম বাতাস এসে এক মিনিটের মধ্যে বাড়িঘর তছনছ করে দেয়।  তবে ঘূর্ণিঝড়ে হতাহতের খবর পাওয়া যায়নি। 

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তাৎক্ষণিক ঘটে যাওয়া বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।