বুচার ঘটনায় রাশিয়ার তেল-কয়লার ওপর নিষেধাজ্ঞার আহ্বান ম্যাক্রোঁর

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বুচা শহরে রুশ বাহিনীর গণহত্যার আলামত খুঁজে পাওয়া গেছে। সেই পরিপ্রেক্ষিতে এবার মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে পশ্চিমা বিশ্ব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়ার তেল ও কয়লার ওপর যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ এপ্রিল) ফ্রান্সের ইন্টার রেডিওতে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘বুচায় যা ঘটেছে তাতে রাশিয়ার ওপর নতুনভাবে নিষেধাজ্ঞার দাবি উঠে। সেখানে যুদ্ধাপরাধের স্পষ্ট প্রমাণ রয়েছে।’ তেল এবং কয়লা শিল্পকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য বিশেষত বেদনাদায়ক হবে বলেও মত দেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিইভের উপকণ্ঠে বুচা নামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার ট্যাংক ও সামরিক বাহনের একটি কলাম ইউক্রেইনীয় বাহিনীর চোরাগোপ্তা হামলায় পড়ে ধ্বংস হয়।

তবে, বুচায় গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এই ঘটনায় তাদের কোনো হাত নেই। ইউক্রেনের প্ররোচনাতেই এমনটি হয়েছে। শহরটি দখলের সময় কোনো বেসামরিক নিহতের ঘটনা ঘটেনি। গত ৩০ মার্চ বুচা ছেড়েছে রুশ বাহিনী। যেসব ছবি ও ভিডিও ছড়িয়েছে তা ইউক্রেনীয় বাহিনীর কর্তৃক ছড়ানো ভূয়া তথ্য।