পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২ দিন পর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে মামুন (২৫) নামে এক ওয়ারেন্ট ও চার মামলার পলাতক আসামির লাশ নদী থেকে নিখোঁজের দু'দিন পর মঙ্গলবার (৫ এপ্রিল) উদ্ধার করেছে পুলিশ।

স্বজনদের দাবি, পুলিশ ওয়ারেন্ট মূলে মামুনকে আটকের পর মারপিট করলে আত্মরক্ষার জন্য তিনি নদীতে ঝাঁপ দেন এবং পানিতে ডুবেই তার মৃত্যু হয়। 

তবে সংশ্লিষ্ট পুলিশের এএসআই শাকিল জানান, আমি তাকে স্পর্শও করতে পারিনি বরং আমাকে দেখা মাত্রই তিনি দৌঁড়ে পালিয়ে যান। 

তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন মামলার কারণে মামুন একাধিক বার গ্রেফতার হয়েছিলেন।

গত রবিবার ৩ এপ্রিল বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে বাড়ির অদূরে দোকান থেকে ইফতার আনতে যান। পথেই শ্রীপুর থানার উপ-সহকারী পরিদর্শক শাকিল আহম্মেদ সিভিলে মামুুনকে ধরতে চেষ্টা করে। নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করতে তিনি দৌঁড় দেন। পুলিশও তাকে পিছু ধাওয়া করলে মামুন প্রায় ৩০ ফুট গভীর শীতলক্ষা নদীতে পড়ে তলিয়ে যান।  এরপর শ্রীপুর থানা পুলিশের টিম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশ এলাকায় খোঁজা খুঁজি করে তার সন্ধান করতে পারেনি।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, মামুন গ্রেফতারি পরোয়ানা ও ৪টি নিয়মিত মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালাতে গিয়ে নদীতে পরে  যেতে পারে। এখন বিষয়টি তদন্তের ব্যাপার।