দেশের বিভিন্ন নদ-নদীর ৫৭ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে

দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৭টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ২৯টির হ্রাস পেয়েছে। রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫টি পয়েন্টে পানি সমতল অপরিবর্তিত রয়েছে এবং ৩টি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি। এছাড়াও ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীগুলোর পানি সমতল স্থিতিশীল রয়েছে, সুরমা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য সকল প্রধান নদীসমূহের পানি সমতল স্থীতিশীল থাকতে পারে।

আরও পড়ুন:  বরিশাল থেকে সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ

শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত গাইবান্ধা স্টেশন এলাকায় ১৭০ মিলিমিটার, দিনাজপুরে ১১৯ মিলিমিটার, মনু রেলওয়ে ব্রীজ এলাকায় ৮৫ মিলিমিটার, জারিয়াজাঙ্গাইল এলাকায় ৬৭ মিলিমিটার, মহাদেবপুরে ৬৫ মিলিমিটার, হবিগঞ্জে ৬১ মিলিমিটার, বগুড়ায় ৫৪ মিলিমিটার এবং ময়মনসিংহ এলাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি