ময়মনসিংহের মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ইসরাফিল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল নয়টার দিকে বাড়ির গরুর ফার্মে এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মো. ইসরাফিল হোসেন (২৫) মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়নের বাহাঙ্গার কোনাগাঁও গ্রামের বাসিন্দা। এই ঘটনায় তার বড় ভাই সাহিনুল ইসলাম শাহীন (৩০)ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, ফার্মের ইলেকট্রিক মোটরের তার লাগানোর সময় মো. ইসরাফিল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার বড় ভাই সাহিনুল উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইসরাফিল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম সাহিনুলকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি যাওয়ার পরামর্শ দেন ।
ওসি জানান, লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হবে ।