প্রতিকূল আবহাওয়ার কারণে এবার দিনাজপুর জেলায় আমের ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জেলার আম গাছে প্রচুর মুকুল এলেও আসছে না আমের গুটি।
আমচাষীরা বলছেন, তীব্র রোদের কারণে নষ্ট হয়ে গেছে আমের মুকুল। ফলে গুটি আসছে না। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, আমের ফলন রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
জানা যায়, মার্চ মাসের শুরু থেকেই দিনাজপুর জেলার আম গাছে প্রচুর মুকুল আসে। যা বিগত কয়েক বছরের তুলনায় বেশি। কিন্তু সময়মতো মুকুল থেকে আমের গুটি না আসায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা।
বিরল উপজেলার তিন নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোশাররফ হোসেন জানান, তার তিনটি আমের বাগান রয়েছে। বাগানের প্রতিটি গাছেই এবার প্রচুর মুকুল এসেছে। কিন্তু রোদের তীব্রতা বেশি থাকায় বেশির ভাগ মুকুল জ্বলে গেছে।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা ইমাম হাসান জানান, মুকুল থেকে গুটি আসার সঙ্গে সঙ্গে চাষিরা যদি গাছের গোড়ায় রিং করে পানি ধরে রাখে, তাহলে গাছ থেকে গুটি ঝরে পড়ার হার কমে যাবে। পাশাপাশি গাছের অনুখাদ্য হিসেবে প্রতি লিটার পানিতে তিন গ্রাম ইউরিয়া, এমওপি তিন গ্রাম, বোরন এক গ্রামসহ অন্যান্য সার মিশিয়ে গাছের উপরিভাগে প্রয়োগ করলে গুটি ঝরে পড়া রোধ হবে।