শ্রীলঙ্কায় ১ এপ্রিল জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। কিন্তু, এতেও জনবিক্ষোভ এবং ক্ষমতাসীন জোট ও দলে ভাঙন এড়াতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে গোটাবায়া জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দিয়ে তা ৫ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গেজেটে বলা হয়, আমি, গোটাবায়া রাজাপাকসে, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এতদ্বারা গেজেটটি প্রত্যাহার করে নিচ্ছি যা ০৫ এপ্রিল ২০২২ মধ্যরাত থেকে কার্যকর হবে।
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গণঅসন্তোষে দেখা দেওয়া বিক্ষোভ ও সহিংসতার পর প্রেসিডেন্ট গোটাবায়া ১ এপ্রিল দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন। এর আগের দিন রাতে গোটাবায়ার ব্যক্তিগত বাসভবনের সামনে কয়েক হাজার লোক জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখায়, পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হওয়ায় সেনা ও পুলিশ কোনো তথ্য-প্রমাণ ছাড়াই যে কাউকে আটকের ক্ষমতা পায়। কিন্তু, এর পরেও বিক্ষোভ থামানো যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার বিক্ষোভ চলছে। বিরোধী দলগুলোও বিক্ষোভ করছে। সাধারণ মানুষ পথে নেমেছে।