ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা সতর্ক করছেন যে, ইউক্রেনে যুদ্ধ সম্ভবত কয়েক বছর ধরে চলতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, বিশ্ব “আরও অস্থির হয়ে উঠছে এবং পরাক্রমশালী শক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংঘাতের সম্ভাবনা কমছে না, বরং বাড়ছে”। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।

মঙ্গলবার (৫ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে তার ৪২ বছরের পেশাগত জীবনে ইউরোপ, সম্ভবত সমগ্র বিশ্বের, শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।

আইন প্রণেতারা মিলিকে জিজ্ঞাসা করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আক্রমণ করা থেকে বিরত রাখা যেত কি না। জবাবে মিলি বলেন, একমাত্র প্রতিরক্ষা হতে পারত যুক্তরাষ্ট্রের বাহিনীকে ইউক্রেনে পাঠানো। তিনি বলেন, সেটা সম্ভব হত না, কারণ তাতে রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি তৈরি হতো।

ইউক্রেনীয়দের প্রশিক্ষণের পাশাপাশি, যুক্তরাষ্ট্র জর্জিয়া ও ফিনল্যান্ডের মতো ন্যাটো সদস্যের বাইরের দেশগুলোকে অতিরিক্ত সামরিক প্রশিক্ষণ দেওয়ার উপায় খুঁজছে, অস্টিন বলেন।

মিলি আইন প্রণেতাদের বলেছিলেন যে, জোটের পূর্ব দিকের নেটো দেশগুলো, যেমন পোল্যান্ড ও রোমানিয়া, যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি স্থাপন করতে “খুবই ইচ্ছুক”।