পাবনার সুজানগরে পেঁয়াজের বাজারে অস্বাভাবিক ধস নেমেছে। বর্তমানে উপজেলার হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজের যে দাম তাতে ১ কেজি মুড়ির দামে ১০ কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে।
সরেজমিন সুজানগর পৌর বাজারসহ উপজেলার অন্যান্য হাট-বাজার ঘুরে দেখা যায়, চলতি রমজান মাসে প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি আউশ ধানের মুড়ি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে।
পক্ষান্তরে বর্তমানে হাট-বাজারে প্রতিমণ ফাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪‘শ টাকা দরে। এ হিসাবে প্রতি কেজি পেঁয়াজের দাম মাত্র ১০টাকা। ফলে হাট-বাজারে মুড়ির বর্তমান বাজারে ১ কেজি মুড়ি বিক্রি করে ১০ কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে।
উপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষি আব্দুর রউফ বলেন, মুড়ি নিত্য প্রয়োজনীয় খাবার নয়। কিন্তু পেঁয়াজ বলা চলে নিত্য প্রয়োজনীয় খাবার। অথচ বর্তমানে হাট-বাজারে পেঁয়াজের চেয়ে মুড়ির দামই বেশি। এটা পেঁয়াজ চাষিদের জন্য অত্যন্ত কষ্টকর।
মুড়ি ব্যবসায়ী সুভাষ কুণ্ডু বলেন, পেঁয়াজের চেয়ে মুড়ির দাম বেশি হোক এটা আমাদেরও কাম্য নয়। তবে রোজার মাসে মুড়ির চাহিদা বেশি হওয়ায় দাম বৃদ্ধি পায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, বর্তমানে হাটা-বাজারে প্রচুর পরিমাণে মৌসুমি পেঁয়াজ আমদানি হচ্ছে। সেকারণে বাজার কমে গেছে। তবে ২/১ মাসের মধ্যেই বাজার বৃদ্ধি পেতে পারে।