ইউক্রেনের আশা, রাশিয়ার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হোক যেন তা অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক হয়ে ওঠে দেশটিকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ হিসেবে পশ্চিমের নিন্দা সত্ত্বেও কিছু দেশ বেসামরিক হত্যার জন্য শাস্তির চেয়ে এখনও টাকাকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এক ভিডিওতে বলেছেন, গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই রাশিয়ার তেল প্রত্যাখ্যান করতে হবে এবং দেশটির ব্যাংকগুলোকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা থেকে পুরোপুরি ব্লক করে দিতে হবে।
ইউক্রেনের বুচা শহরে বেসামরিকদের লাশ পড়ে থাকার বিভিন্ন ছবি আন্তর্জাতিক নিন্দার কারণ হওয়ার পর জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীগুলো তাদের নৃশংসতার প্রমাণ ঢাকার চেষ্টা করছে।
তিনি বলেন, আমাদের কাছে খবর আছে, রাশিয়ার সামরিক বাহিনী তাদের কৌশল পরিবর্তন করে রাস্তায় ও বেসমেন্টে যাদের হত্যা করেছে তাদের সরানোর চেষ্টা করছে। এটি শুধু প্রমাণ ঢাকার একটি চেষ্টা আর কিছু নয়।
অপরদিকে মস্কো বেসামরিকদের লক্ষ্য বানানোর কথা অস্বীকার করে বলেছে, বুচার মৃতদেহের ছবিগুলো সাজানো যা মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপকে বৈধ্যতা দিতে ও শান্তি আলোচনাকে লাইনচ্যুত করতে করা হয়েছে।