ম্যাচটা একপাক্ষিক হওয়ার কথা ছিল এবং অধিকাংশই হয়তো ধরে নিয়েছিল, বায়ার্ন মিউনিখ বড় ব্যবধানে জিততে যাচ্ছে। কিন্তু কয়জনে ভেবেছিল, জার্মান জয়ান্টদের হারিয়ে দেবে পুচকে ভিয়ারিয়াল। সম্ভবত খোদ ভিয়ারিয়ালের একনিষ্ঠ সমর্থকরাও অতটা নিশ্চিত ছিলেন না।
যাইহোক, সব হিসাব পাল্টে দিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে বায়ার্ন সমর্থকরা এটা ভেবে খুশি হতে পারেন যে, ভাগ্যিস! গোল মাত্র একটা হয়েছে। বেশি হলে চিন্তার ছিল। আগামী বুধবার নিজেদের মাঠে ফিরতি লেগ। সেটিতে দুই গোলের ব্যবধানে জিতলেই হবে।
একই ভাবনা দলটির খেলোয়াড়দেরও। বায়ার্ন তারকা টমাস মুলার মাত্র এক গোলে হারায় স্বস্তি পাচ্ছেন। গতকাল ম্যাচশেষে তিনি বলেন, ‘১-০ গোলের হারটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। এর চেয়ে খারাপও হতে পারতো।’ তবে বায়ার্ন কোচ নাগালসমান অতটা ইতিবাচকভাবে নিতে নারাজ। তিনি বলেন, ‘হারটা আমাদের প্রাপ্য ছিল, আমরা ভালো খেলিনি।’
ছয়বার ইউরোপসেরা হয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ইউরোপসেরা তো দূরে থাক, এখন পর্যন্ত ইতিহাসে কখনো লা লিগাও জিততে পারেনি ভিয়ারিয়াল। অথচ সেই দলটিই কি না হারিয়ে দিলো বায়ার্নকে! অবশ্য তারা খারাপ দলও নয়। শেষ ষোলোতে জুভেন্টাসকে বিদায় করেছিল তারা।