নানিয়ারচরে অস্ত্রসহ ইউপিডিএফের সশস্ত্র সদস্য আটক

রাঙ্গামাটির নানিয়ারচর জোনের অধীন খারিকক্ষ্যং এলাকার গুইছড়িতে প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক ইউপিডিএফের (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ ও নানিয়ারচর জোনের ক্যাপ্টেন আদনানের সঙ্গীয় সুদক্ষ দলের একটি বিশেষ টিম শুক্রবার (৮ এপ্রিল) ভোরে খারিকক্ষ্যং এলাকা থেকে প্রশান্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করে। এ সময় তার কাজ থেকে একটি পিস্তল, দুটি অ্যাম্যুনেশন, একটি ওয়াকিটকি সেট, দুটি চাঁদা আদায়ের রসিদ বই, চারটি নোটবুক, জাতীয় পরিচয়পত্রের কপি, করোনা ভ্যাকসিন কার্ডের কপি, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

 

প্রশান্ত তঞ্চঙ্গ্যা ইউপিডিএফের মূল দলের সক্রিয় কর্মী। তিনি গুইছড়ির বাসিন্দা মৃত চিরঞ্জীব তঞ্চঙ্গ্যার ছেলে।

এ ব্যাপারে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।