'বিপুল' সংখ্যক সেনা হারানোর কথা স্বীকার রাশিয়ার 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শুক্রবার (৮ এপ্রিল) পর্যন্ত টানা ৪৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। 

তবে এই প্রথম ক্ষয়ক্ষতির ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধে বিপুল সংখ্যক সেনা হারানোর বিষয়টিকে ট্রাজেডি বলে উল্লেখ করেছেন।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছি৷ এটা আমাদের জন্য একটা বিরাট ট্রাজেডি।'

তবে ঠিক কত সংখ্যক সেনা হারিয়েছে দেশটি সে সম্পর্কে কিছু জানান নি।

এদিকে ইউক্রেন দাবি করেছে, এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে জানায়, ইউক্রেন বাহিনী রাশিয়ার প্রায় ৭০০ ট্যাংক, এক হাজার ৮৯১ সাঁজোয়া যান, ১৫০ প্লেন, ১৩৫ হেলিকপ্টার এবং ১১২টি ড্রোন গুড়িয়ে দিয়েছে।