মোবাইলে জুয়া খেলার জেরে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড়ের মইক্কাঘোনা পাহাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত ইউনুছ হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড়ের মইক্কাঘোনা এলাকার  দিল মোহাম্মদের ছেলে।

হারবাং ইউনিয়নের দফদার মোহাম্মদ শাহেদ বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মইক্কাঘোনা পাহাড়ী এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছের সঙ্গে একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের মোবাইল ফোন সেটে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের কিলঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলেই মারা যান। 

চকরিয়া থানার ওসি চন্দন কুমার দে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার ও সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।