বিনোদন রিপোর্ট
নানাবিধ গল্প নিয়ে নির্মিত নাটকের পসরা নিয়ে এবারের ঈদেও ধ্রুব টিভি আয়োজন করেছে তাদের বর্ণাঢ্য ঈদ আয়োজন। ব্যতিক্রমী এই আয়োজনে থাকছে আমাদের চারপাশে ঘটে যাওয়া সত্য, সহজ, সাবলীল সুন্দর ও সৌন্দর্যের গল্পে এই সময়ের আলোচিত নির্মাতাদের নির্মাণে এবং জনপ্রিয় তারকাদের অভিনয়ে ৭টি নাটক। নাটকগুলোর মধ্যে রয়েছে শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নাটক ‘বাউণ্ডুলে’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মম, আলিফ প্রমুখ। মাবরুর রশীদ বান্নাহর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘আঙুলে আঙুল’। এতে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা।
আরফান নিশো ও তানজিন তিশা জুটির অনবদ্য রসায়নে থাকছে ‘দ্য এন্ড’। রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘প্রথম প্রেমই শেষ প্রেম নয়’। রোমান্টিক এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তিশা। কাজল আরেফিন অমির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘দ্য টেইলর’। আরফান নিশো ও সাবিলা নূরের অভিনয়ে এই নাটকটিও দেখা যাবে ধ্রুব টিভিতে। ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় ‘গুডবয়’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, জুঁই করিমসহ আরও অনেকে। রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘টান’। এতে অভিনয় করেছেন জোভান ও টয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বরাবরের মতো এবারো দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে ঈদের নাটকগুলো প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ধ্রুব টিভির সঙ্গে দর্শকদের এবারের ঈদ অনেক ভালো কাটবে।’