বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূ দুই জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার দুই দিন পর তাকে মারপিট করে তার মাথা ন্যাড়া করে তাকে পাড়ায় ঘুরিয়েছেন তার স্বামী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলার কোমপুর শিয়ালগাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। পরে ঐ গৃহবধূর করা মামলায় পুলিশ তার স্বামীকে একই দিন বিকালে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
এর আগে গত বুধবার ঐ নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
জানা গেছে, গত বুধবার দুলু ফকির এবং তার ছোট ভাই হান্নান ফকির ঐ নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয় এবং অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেছিলেন। তিনি ও তার স্বামী থানায় এসে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আসামিরা গ্রেফতারের দুই দিন পর গৃহবধূর স্বামী এই কাণ্ড করেন।
আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজরান রউফ বলেন, খবর পেয়ে পুলিশ ঐ গৃহবধূর স্বামীকে আটক করে। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন নির্যাতিত স্ত্রী। আমরা জানতে পেরেছি মামলার পর গ্রামের মানুষ ঐ নারীকেই দোষারোপ এবং সমালোচনা করলে তার স্বামী ধর্ষণের ঘটনায় ‘স্ত্রীর দোষ আছে’ এমন অভিযোগ করে মাথার চুল কেটে দেন। গ্রেফতার হওয়ার পর তার স্বামী সাংবাদিকদের কাছে বলেছেন, অপবাদ ও লোকলজ্জার কারণে স্ত্রীর এই অবস্থা করেছি।