কে এই শাহবাজ শরিফ

শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে জাতীয় পরিষদে বিরোধীদলীয় জোটের প্রার্থী। আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল এই জোটের দলগুলোই। তার পরপরই পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হারলেন ইমরান খান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রিত্ব হারানোর পাশাপাশি পতন হলো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন শাহবাজ। তবে আগে থেকেই দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য তার সুনাম ছিল। শাহবাজের পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। বড়ভাই নওয়াজ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন শাহবাজ। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলান তিনি। তিনবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি। ২০১৮ সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন।

শাহবাজ শরিফ

৭০ বছর বয়সী শাহবাজ জন্মগ্রহণ করেন লাহোরে। ধনী ব্যবসায়ী পরিবারের জন্ম নেওয়া শাহবাজ পড়াশোনা করেন পাকিস্তানেই। এরপর পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। জানা গেছে, বর্তমানে পাকিস্তানের একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার।

শাহবাজের রাজনৈতিক জীবন শুরু ১৯৯৭ সালে, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। রাজনীতিতে এসে কারাবরণও করেছেন তিনি। ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ তিনি হন। ২০০০ সালে সৌদি আরবে নির্বাসনে থাকতে শুরু করেন তিনি। ২০০৭ সালে শাহবাজ আবার পাকিস্তানে ফেরেন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করতে। ২০০৮ সালে নির্বাচনে জিতে ফের পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।