ঈদে অতনু তিয়াসের নতুন গান ‘ইচ্ছাঘোড়া’

বিনোদন রিপোর্ট

 

ঈদ উপলক্ষে কবি, শিল্পী ও গীতিকার অতনু তিয়াস নিয়ে এলেন তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ইচ্ছাঘোড়া’। একটু আলাদা ঘরানার গান করেন তিনি। সুর ও গায়কীতেও থাকে স্বকীয়তা ও ভিন্ন আমেজ। তাঁর গান যেমন স্বতঃস্ফূর্ত তেমনি মাটিলগ্ন, যা সাহিত্যনির্ভর বাংলা গানের প্রতিনিধিত্ব করে। তাঁর গান জীবনমুখী এবং আত্মানুসন্ধানে উদ্বুদ্ধ করে। গানটি সম্পর্কে অতনু তিয়াস বলেন, ‘গানই আমার আনন্দ, আমি প্রতি মুহূর্তে গান যাপন করি। প্রায় দুই-তিন বছরের একটা দীর্ঘ প্রস্তুতি ছিল ইচ্ছাঘোড়া গানটি নিয়ে। ফোক ঘরানার এ গানে সাধ ও সাধ্যের চিরায়ত দ্বন্দ্বকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ ইচ্ছাঘোড়া গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শিল্পী নিজেই, আর সংগীতায়োজন করেছেন রোকন ইমন।

উল্লেখ্য, এর আগে তাঁর ইউটিউব চ্যানেলে ‘ও ফুল পাপড়ি মেলো না’, ‘বুড়া বয়সে রিশকা বায়া খাই’সহ আরো বেশকিছু গান প্রকাশিত হয়েছে। এছাড়াও অতনু তিয়াসের কথায় ইমন চৌধুরীর কণ্ঠে ‘আমার প্রাণ ধরিয়া মারো টান’ গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছিল। সম্প্রতি অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে। ভিডিও পরিচালনা করেছেন জহির দীপু, সিনেমাটোগ্রাফি করেছেন মাসুম আহমেদ সুমন এবং সম্পাদনা করেছেন সৈকত খন্দকার।