অজয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অমিতাভের!

অজয় দেবগণকে নিয়ে মজা করতে গিয়ে ফেঁসে গেলেন অমিতাভ বচ্চন। আসন্ন ছবি ‘রানওয়ে ৩৪’-তে অজয়ের পরিচালনায় কাজ করছেন অমিতাভ। তার আগে টুইটারে পরস্পরকে নিয়ে মশকরা করলেন এই দুই বলি তারকা। আর সেই ট্রোলিং-এর মজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল ফ্যানেরা।

শনিবার অমিতাভ বচ্চন অজয়ের কেরিয়ারের গোড়ার দিকের ছবি ‘বিজয়পথ’-এর আইকনিক একটি ছবি শেয়ার করেন। সেখানে দুটি বাইকের উপর দুই পা রেখে ভয়ঙ্কর স্টান্ট পারফর্ম করতে দেখা গিয়েছে বলিউডের সিংহমকে।

এই ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘স্যারজি এর রেকর্ড রয়েছে নিয়ম ভাঙার! এবার হাতানাতে ধরা পড়েছে দোষী। অজয় দেবগণ, এবার কী বলবে? জবাব আছে’।

বিগ বির সঙ্গে অজয় দেবগণের এই মজাদার টুইটার আদান-প্রদান দারুণ এনজয় করেছেন বচ্চনপুত্র অভিষেক এবং কাজলের বোন তানিশা।

‘রানওয়ে ৩৪’ ছবি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন অজয় দেবগণ। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির কাহিনি। দোহা থেকে কোচিগামী জেট এয়ারওয়েজের একটি বিমান (৯ ডাব্লিউ ৫৫৫) ২০১৫ সালের ১৮ অগস্ট অল্পের জন্য রক্ষা পেয়েছিল। খারাপ আবহাওয়া এবং ভোরের সময় হওয়ার কারণে দৃশ্যমানতা স্পষ্ট ছিল না, তাই কোচি বিমানবন্দরে নামার সময় বিপদসঙ্কুল পরিস্থিতিতে পড়েছিল ওই বিমান, তবে শেষমেষ রক্ষা পায়। 

অজয় দেবগণ ও অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

এই ছবিতে অমিতাভ-অজয় ছাড়াও অভিনয় করছেন বোমান ইরানি, রকুল প্রীত সিং, আকাঙ্খা সিং, অঙ্গিরা ধর। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।