শিকড়ের টানে ঘরে ফিরছে দক্ষিণ-পশিচমাঞ্চলের ২১ জেলার মানুষ

শিকড়ের টানে কর্মস্থল ত্যাগ করে ‘ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি ঘাট’ হয়ে ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশিচমাঞ্চলের ২১ জেলার মানুষ। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, আজ রবিবার (২ জুন) সকাল থেকেই শিবচরের কাঁঠালবাড়ি ফেরি ঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে থাকে। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ায় এক ঘণ্টার মত এই নৌরুটের লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেয় কতৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে আবারো যাত্রীচাপ বেড়ে যায়। এদিকে, ঘাট এলাকায় সকল ধরনের অনিয়ম ও যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে এবং অতিরিক্ত ভাড়া বন্ধে শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন, শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লাসহ পুলিশের একটি টিম বিভিন্ন কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধ করেন। কোন প্রকার যেন যাত্রীদের হয়রানি না হয় সেদিকে বিশেষ নজর রাখছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। অপরদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান নিজেই গত দুই তিনদিন ধরে বিভিন্ন কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য বলেন। 

ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, গত শনিবার (১ জুন) সকাল থেকেই পুরাতন কাওড়াকান্দি ঘাটটি চালু করা হয়েছে। লঞ্চের কাটা সার্ভিসগুলো যাত্রী নিয়ে কাওড়াকান্দি ঘাটে চলে যাচ্ছে। কাঁঠালবাড়ী ঘাটে শুধুমাত্র লোকাল যাত্রীদের লঞ্চ রয়েছে। একটি লঞ্চঘাট সরিয়ে নেয়ায় যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে রয়েছে। অনেকটা স্বাচ্ছ্যন্দে যাত্রীরা ঘাটে নেমে গন্তব্যের পরিবহনে উঠতে পারছে।

আরো পড়ুন: মার্কিন ভিসা পেতে লাগবে ফেসবুকের তথ্যও

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, এখানে দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার ঘর মুখোখি যাত্রী পারাপার হচ্ছে। বর্তমানে ঘাট এলাকার পরিস্থিতি ভালো রয়েছে। যখনি কোন অভিযোগ পাই কোন পরিবহনে ছাদে যাত্রী নিচ্ছে বা অতিরিক্ত ভারা নিচ্ছে তখনি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ঘাট এলাকায় আমাদের মোবাইল কোর্ট অব্যহত আছে। কিছুক্ষণ পরপরই আমরা প্রতিটা পরিবহণের কাউন্টার পরিদর্শন করি। এখানে র‌্যাব পুলিশসহ আইন-শৃঙ্খলার বাহিনীর পর্যাপ্ত সদস্য রয়েছে। আমরা সবাই যৌথভাবে কাজ করছি, ঈদে যাত্রী সেবা নিশ্চিত করতে।

বিআইডব্লিউটিসির ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ২০টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। 

ইত্তেফাক/এমআই