সমাজবিজ্ঞানী, আরডিএ’র সাবেক মহপরিচালক ড. আশরাফ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে সব সমাজ ও রাষ্ট্রেই রাজনৈতিক মেরুকরণ প্রকটভাবে অনুভুত হচ্ছে। মেরুকরণ একটি প্রক্রিয়া যা বুঝতে হলে ঐতিহাসিক প্রেক্ষাপটে এর গতি প্রকৃতি বস্তুনিষ্টভাবে ধারণ করে উপস্থাপন ও বিশ্লেষণ করলে একটি বা একাধিক দৃশ্যপট তৈরি করা সম্ভব।
শনিবার (৯ এপ্রিল) মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তন' এবং সামাজিক স্তরবিন্যাস ও রাজনৈতিক মেরুকরণ, বই দুটির প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার এই দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আমার জন্মস্থান মাধবপুরে করতে পেরে আমি খুবই আনন্দিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, অতিরিক্ত সচিব ড. মো.জাহাঙ্গীর আলম। তিনি বলেন,যত দূরেই থাকেন না কেন ব্যক্তি তার শেকড় ভোলেন না। তার প্রিয় জন্মজনপদের মানুষও তাকে ভোলে না। ড. আশরাফ উদ্দিন আহমেদ দীর্ঘপরবাসে আছেন তবু্ও তিনি ফিরে আসেন তাঁর আপন মাটি আর মানুষের কাছে, যে স্মৃতি তাঁর কাছে অম্লান। তাঁর মতো গুণী মানুষকে জন্মজনপদের মানুষ কাছে পেলে সম্মান ও শ্রদ্ধা জানান। মানুষের কদর করলেই নতুন প্রজন্ম তাদের আদর্শ অনুসরণ করে মানুষ হওয়ার প্রেরণা পেতে পারে। মাধবপুরের মতো প্রত্যন্ত এলাকায় এমন একটি অনুষ্ঠানের আয়োজন এদিক থেকে সার্থক হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিটাক’র মহাপরিচালক, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিদেশে বিভূইয়ে বসে লেখনির মাধ্যমে, বইয়ে প্রকাশিত প্রবন্ধে স্যার দেশের প্রতি,জন্মস্থানের প্রতি যে দায়িত্ববোধ দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। স্যারকে দীর্ঘদিন যাবত অনুরোধ করছিলাম লেখাগুলোকে বই আকারে প্রকাশ করা। আজ আমার সে আশা পূর্ণ হলো। একটি বই একজন লেখককে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখে।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ’র গবেষক আশরাফুল ইসলাম হেলাল। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে ও সাংবাদিক মো. আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী,মাধবপুর উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল , হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অধ্যক্ষ মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিন, বাপা'র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ভূুর্জপত্রের প্রকাশক আব্দুল মুমিন খান,আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, লেখক গবেষক সাইদুর রহমান তালুকদার প্রমূখ।