রমজানকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে চাটমোহর উপজেলার কলার হাট। এখানকার কলার প্রচুর চাহিদা থাকায় প্রতি সপ্তাহে ঢাকাসহ সারা দেশে প্রচুর কলা সরবরাহ হচ্ছে। এতে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষক। কষ্টার্জিত ফলের ভালো দাম পেয়ে খুশি কৃষকও।
চাটমোহর উপজেলার চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের পাশে গুনাইগাছা খেলার মাঠে অবস্থিত এই কলার হাট সপ্তাহে দুই দিন বসে। খুব সকাল থেকে এ হাটে সবরি, চাপা সবরি, সাদা সবরি, জয়েন্ট কলা, চাপা কলাসহ বিভিন্ন নামের কলা নিয়ে আসতে থাকে চাটমোহরসহ আশপাশের উপজেলার কৃষক ও ফরিয়া ব্যবসায়ীরা। এখানকার কলা অনেক সুস্বাদু হওয়ায় রমজান মাস ঘিরে এর চাহিদা বেড়েছে দ্বিগুণ। এখানে প্রতি কাদি কলা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। এতে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষক। সপ্তাহের মঙ্গলবার ও শনিবার খুব সকালেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কলা কিনতে এ হাটে আসেন ব্যাপারীরা।
উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট প্রায় ১৯৬ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এরমধ্যে সবরি কলা ১০১ হেক্টর এবং অন্যান্য কলা ৯৫ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ বলেন, উপজেলায় উৎপাদিত কলার ব্যাপক চাহিদা রয়েছে।