ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নের এতিমখানা ও ভূঁইয়া বাজার সংযোগ খালের ওপরে নির্মিত ব্রিজের বিভিন্ন অংশ ধসে পড়েছে। ফলে ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হতে হচ্ছে দুই পারের বাসিন্দাদের। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এতে যেকোনো সময় ব্রিজ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত ঐ স্থানে একটি ব্রিজ নির্মাণে দাবি জানিয়েছেন।
সরজমিনে দেখা গেছে, ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে গেছে। বেরিয়ে আছে রোড। এই ব্রিজটি দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হালকা ও মাঝারি ধরনের যানবাহন।
স্থানীয় মাওলানা কাজী হাফিজ উদ্দিন বলেন, ব্রিজটি দিয়ে প্রতিদিন অফিস করতে যেতে হয়। ব্রিজে উঠলেই মনে হয় কখন ভেঙে নিচে পড়ে যাই।
ধানকাটি ইউপি চেয়ারম্যান গোলাম মাওলানা রতন বলেন, অতি শিগগিরই নতুন ব্রিজ নির্মাণ করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, প্রকল্প এখনো পাশ হয়নি। প্রকল্পের অনুমোদন হলে কাজ শুরু হবে।