বগুড়ার কাহালুতে স্ত্রীকে হত্যার ১৬ বছর পর স্বামী বুদু মণ্ডলকে (৪৩) যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা ও জজ হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বুদু মণ্ডল কাহালু উপজেলার উলখার গ্রামের মৃত মিছের আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি বুদুর স্ত্রী অফেলা বেগমকে গলা টিপে হত্যা করা হয়। পরদিন ৭ ফেব্রুয়ারি নিহতের ভাই আমীর আলী কাহালু থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।
পরে তদন্তে হত্যাকাণ্ডে স্বামীর সম্পৃক্ততা উঠে আসে। এরপর বুদু মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে।