ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ি গ্রামের মাঠে আরিফুল ইসলাম নামে এক ভ্যান চালককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ভ্যান চালক কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন শৈলগাড়ি গ্রামের মৃত নিয়ামত আলির ছেলে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় শৈলগাড়ি গ্রামের মিঠুন নামে এক ব্যক্তি শৈলকুপা ছোট মৌকুড়ি গ্রামের যাওয়ার কথা বলে আরিফুলের ভ্যান ভাড়া করে। পথিমধ্যে আরো দুজনকে ভ্যানে উঠায় মিঠুন। রাতে বড় মৌকুড়ি গ্রামের মাঠে খালের ভেতর এনে আরিফুলকে কুপিয়ে গলাকেটে হত্যা করে ভ্যানটি নিয়ে যায়। গ্রামের চৌকিদার মারফত খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ ছোট মৌকুড়ি গ্রামে ফুফা আমিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মিঠুনকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক খড়ের গাদার ভেতর থেকে ছিনতাইকৃত ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহূত রক্ত মাখা দা উদ্ধার করে পুলিশ।