ন্যাটোতে যোগদান নিয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে সাবধান করলো রাশিয়া

আগামী গ্রীষ্মে শুরুতেই পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভাবতে শুরু করেছে ফিনল্যান্ড ও সুইডেন। যা ইতোমধ্যেই চিন্তা সৃষ্টি করেছে রাশিয়ার। এরই মধ্যে দেশ দুটিকে হুঁশিয়ার করে দিয়ে ক্রেমলিন বলেছে, এমন পদক্ষেপ ইউরোপে স্থিতিশীলতা আনতে কোনো ভূমিকা রাখবে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১১ এপ্রিল) সাংবাদিকদের বলেন, ‌এটি (ন্যাটো) এমন কোনো জোট নয় যা বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। এর আরও সম্প্রসারণ ইউরোপে অতিরিক্ত নিরাপত্তা বয়ে আনবে না।

এর আগে সংবাদ মাধ্যম দ্য টাইমসকে মার্কিন কর্মকর্তারা জানান, গত সপ্তাহে অনুষ্ঠিত ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সুইডেন ও ফিনল্যান্ডের বিষয়ে কয়েকটি আলাদা বৈঠকে আলোচনা হয়েছে। এরপরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সে সময় ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন চালানোর পর ফিনল্যান্ড ও সুইডেন গুরুত্বের সঙ্গে জোটে যোগ দেওয়া নিয়ে আলোচনা শুরু করে।