আনোয়ারায় সড়কের পাশেই চলছে গরু জবাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে পিএবি সড়ক এবং ট্যানেল সংযুক্ত সড়কের পাশে প্রতিনিয়ত চলছে গরু জবাই। আর জবাইয়ের পর জমাকৃত বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন সড়কেই পরে থাকছে নাড়িভুঁড়ি ও রক্ত। 

নোংরা আবর্জনা পচা দুর্গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ। ছড়াচ্ছে রোগ জীবাণু। পশু জবাইয়ের জন্য আলাদা কসাইখানার ব্যবস্থার কথা থাকলেও কসাইরা যত্রতত্র সড়কের পাশে পশু জবাই করছে। ফলে জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখএ।  

কেইপিজেডে কর্মরত এহসানুল হক বলেন, প্রতিদিন সকাল-বিকাল এই সড়ক দিয়ে যাওয়া আসা করতে হয়। মাস্ক পড়ে নাক চেপে ধরলেও এই দুর্গন্ধ রোধ করা যায় না।  

এ বিষয়ে চাতরী চৌমুহনী বাজারের মাংস ব্যবসায়ী মো. মনসুর গরু জবাই করার বিষয়টি স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের অন্য জায়গায় নতুন একটা স্থান করে দেবে বলেছে। ঐ স্থানটা রেডি হলে ওখানেই জবাই করা হবে। 

এ বিষয়ে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম বলেন, সড়কের পাশে বা খোলা জায়গায় গরু জবাই করা, গরুর বর্জ্য ফেলা আইনানুগ অপরাধ। এতে পরিবেশের ক্ষতি হয়। আমরা দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এই সমস্যা সমাধানে কাজ করব।