শ্রীলঙ্কার ভরাডুবিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত

চরম আর্থিক সংকটে আছে শ্রীলঙ্কা। ঋণের বোঝায় জর্জরিত দেশটি। আমদানির পরিমাণ কমায় শ্রীলঙ্কা নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানিতেও সমস্যা বেড়েছে। বৈদেশিক মুদ্রার অভাবে আমদানি বন্ধ থাকায় শ্রীলঙ্কানরা গত কয়েক সপ্তাহ ধরে খাদ্য ও জ্বালানির অভাবে বিক্ষোভ করছে। এই পরিস্থিতিতে এই দ্বীপরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ভারত। 

আর্থিক সংকট মোকাবিলার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। গত বুধবার ভারতের হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কলম্বোয় আরও দুটি জ্বালানি ভর্তি জাহাজ পাঠানো হচ্ছে। এছাড়াও ভারত থেকে চালও পাঠানো হচ্ছে শ্রীলঙ্কায়। 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, সেখানকার তামিলদের কথা মাথায় রেখে চাল ও জীবনদায়ী ওষুধ পাঠাতে তৈরি তারা। ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বিতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে কেন্দ্রকে বলেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে সেখানকার বহু মানুষ প্রতিবেশী ভারতে আশ্রয় নিতে চাইছেন। গত কয়েকদিন ধরেই একজন দুজন করে তামিলনাড়ু উপকূলে আসছেন। এই ধরনের মানুষের সংখ্যা বাড়ছে।