ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০১৮ সালের ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
শিক্ষকতার পাশাপাশি অধ্যাপক ড. মুহম্মদ সামাদ কবি হিসেবে পরিচিত। তিনি কবিতায় বাংলা একাডেমির ফেলো ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি।
অধ্যাপক সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে পরিচালক (২০০৯-২০১২) হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন মেয়াদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) চার বছর (২০১২-২০১৬) উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন।