ফিরতি লেগে মোহামেডানে খেলবেন এলিটা কিংসলে

বসুন্ধরা কিংসের স্ট্রাইকার এলিটা কিংসলে এবার মোহামেডানে খেলবেন। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে তাকে মোহামেডানের সাদাকালো জার্সি গায়ে দেখা যাবে। এরই মধ্যে বসুন্ধরা কিংসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে।

আজ (১৩ এপ্রিল) চূড়ান্ত আলোচনা শেষ হলেই বাফুফেতে এলিটা কিংসলের নাম জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মোহামেডানের ফুটবল কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, তারা এলিটাকে মোহামেডানে নেওয়ার জন্য সব প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন।

প্রিন্স বলেন, ‘বসুন্ধরা এলিটাকে লোনে মোহামেডানে খেলার অনুমতি দিতে রাজি হয়েছে।’ বৈবাহিক সূত্রে নাইজেরিয়ান এলিটা এখন বাংলাদেশি পাসপোর্টধারী। খেলছেন বাংলাদেশি ফুটবলার হয়ে। মোহামেডানের জন্য এটা বড় সুবিধা। মালির ফুটবলার অধিনায়ক সুলায়মান দিয়াবাতের সঙ্গে এলিটা যোগ হলে স্ট্রাইকিং পজিশনে মোহামেডান শক্তিশালী হয়ে উঠবে। প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠবে।

আক্রমণভাগে মোহামেডানের ঘাটতি রয়েছে। এলিটা সাদাকালো জার্সি গায়ে নামলে মোহামেডানকে অন্যরূপে দেখবে সমর্থকরা। সংকট দূর হবে এবং গোল পাবে মোহামেডান। এই বিশ্বাস মোহামেডানের ফুটবল কর্তাদের। এলিটা বসুন্ধরার একাদশে খেলছেন না। মোহামেডান এলে একাদশে খেলবেন। কিংসে তিনি গোল করেছেন আবাহনীর বিপক্ষে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে নিশ্চিতভাবে হারতে যাচ্ছিল বসুন্ধরা। এলিটা নেমে ৮৯ এবং ইনজুরি টাইমে জোড়া গোল করে ম্যাচ বাঁচিয়েছেন। চট্টগ্রাম আবাহনী ও পুলিশের বিপক্ষেও গোল করেছেন তিনি। লিগের প্রথম পর্বের ১১ ম্যাচ অনিয়মিত খেলেও এলিটার গোল সংখ্যা ৫টা। প্রিন্স বললেন, ‘এলিটাকে নিতে টাকা পয়সা দিতে হয়নি। এটা সম্পর্কের কারণে পাওয়া গেছে।’

বসুন্ধরা থেকে শুধু এলিটা কিংসলেই নয় তাদের আরেক ফুটবলার মোরাসালিনকে নিয়েছে মোহামেডান। এই তরুণ মিডফিল্ডারকে লোনে নিয়েছে বলে জানান প্রিন্স। তিন বছরের চুক্তিতে বসুন্ধরায় আছেন মোরসালিন। কিন্তু সিনিয়রদের ভিড়ে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছিলেন না।

প্রিমিয়ার লিগের ফিরতি লিগে মোহামেডান আরও দুই জন ফুটবলার নিচ্ছে। বাফুফের এলিট একাডেমি হতে স্ট্রাইকার মিরাজুল ইসলাম নামের একজন ফুটবলার ও ইংল্যান্ড হতে বাংলাদেশি বংশোদ্ভূত আরও একজন তরুণ ফুটবলার কাজী নাবিলকে নেওয়ার কথা জানিয়েছেন মোহামেডান কর্মকর্তা।