কোরীয় উপকূলের বাইরে সমুদ্রে কার্যক্রম পরিচালনা করছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনার মধ্যে এই রণতরি মোতায়েন করা হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রণতরীটি জাপান সাগরে রয়েছে। পূর্ব সাগর নামেও পরিচিত এটি। মার্কিন কর্মকর্তার দাবি, ওই অঞ্চলের মিত্র ও সহযোগীদের আশ্বস্ত করতে জাপানি বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে রণতরিটি। সামনের কয়েক দিনের মধ্যে উত্তর কোরিয়া মাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ক্রমেই বাড়ছে। আর সেই আশঙ্কার মধ্যেই এই মহড়া চালানো হচ্ছে।
২০১৭ সালের পর প্রথম বারের মতো দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সমুদ্রসীমায় মার্কিন বিমানবাহী রণতরি মোতায়েন করা হয়েছে। ওই বছর ইউএসএস রোন্যাল্ড রিগ্যান, থিওডোর রুজভেল্ট এবং নিমিতিজ এবং তাদের মালটি-শিপ স্ট্রাইক গ্রুপ ওই এলাকায় মোতায়েন করা হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষার মধ্যে শক্তি প্রদর্শনে এসব রণতরি মোতায়েন করা হয়।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্হা ইয়োনহাপ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওই এলাকায় তিন থেকে পাঁচ দিন থাকতে পারে। দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যমের খবরের বিষয়ে সোমবার (১১ এপ্রিল) কোরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনীর (ইউএসএফকে) মুখপাত্র বলেন, তারা পরিকল্পনা কিংবা চলমান মহড়া নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। উত্তর কোরিয়া আগেও মার্কিন সামরিক মহড়ার সমালোচনা করে বলেছে, এগুলো যুদ্ধের মহড়া। এতে উত্তেজনা বাড়বে।