রেলের রানিং স্টাফদের ভাতা বাতিলের প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১৩ এপ্রিল) ভোর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে এক আলোচনায় এ ঘোষণা দেওয়া হয়।

রেলের রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে বলে জানিয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিজ্ঞপ্তিটি বাতিল করা হবে।’ 

আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কমলাপুর রেলস্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। 

রেলের রানিং স্টাফদের ধর্মঘট নিরসনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সচিব হুমায়ুন কবির।

কর্মচারীদের সঙ্গে আলোচনার জন্য রেলমন্ত্রী এবং সচিবসহ কর্মকর্তারা কমলাপুর স্টেশনে গেছেন বলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি এতথ্য জানানোর সময় কমলাপুরে অবস্থান করছিলেন মন্ত্রীসহ কর্মকর্তারা।