যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. টিপু সুলতান (৩২) কে মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।
যৌতুক চেয়ে মারধরের অভিযোগে তার স্ত্রী ডা. মিলাদুজ্জাহান ইরা (২৮) বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় যৌতুক আইনে মামলা দায়ের করেছেন। ডা. মিলাদুজ্জাহান ইরাও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত।
মামালার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ আগস্ট গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের মো. বাদশা ফকিরের পুত্র ডা. টিপু সুলতানের সাথে বিয়ে হয় কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আ. আলিমের কন্যা ডা. মিলাদুজ্জাহান ইরার সাথে। বর্তমানে তারা ২ জনই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন।
বাদী অভিযোগ করেন, ১০ লাখ টাকা যৌতুকের জন্য তার স্বামী ডা. টিপু সুলতান তাকে প্রায়ই মারধর করতো এবং প্রাণনাশের হুমকি দিত। নিরুপায় হয়ে মঙ্গলবার রাতে তিনি যৌতুকের জন্য মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গৌরনদী মডেল থানায় ডা. টিপু সুলতান ও তার বাবা বাদশা ফকিরকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ডা. টিপু সুলতানকে গ্রেফতার করে।
এ ব্যাপারে গৌরনদী স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডা. সাইয়েদ মো. আমরুল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে বরিশালের সিভিল সার্জনের সাথে কথা বলার চেষ্টা করছি।’ অতি তাড়াতাড়ি মেডিক্যাল অফিসার টিপু সলতানকে সাময়িক বরখাস্ত করাসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।