ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের অভিযানের পঞ্চম দিনের মাথায় নাবলুস সিটিতে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। বুধবার ১৩ এপ্রিল এ কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘নাবলুসে আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলি সেনারা তরুণ মুহাম্মদ হাসান মুহম্মদ আসাফক (৩৪) কে বুকে গুলি করে হত্যা করে।’
ইসরাইলী বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি, তবে এর আগে বলেছিল তারা নাবলুস এবং পশ্চিম তীরের অন্যান্য জায়গায় ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ পরিচালনা করছে।
এর আগে গত ২ এপ্রিল দখলদার ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে ফিলিস্তিনের আরও তিন যুবক নিহত হয়। পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে ঐ তিন ফিলিস্তিনি যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে বর্ণবাদী সেনারা।
গুলি করার পর গুলিবিদ্ধ ফিলিস্তিনিদের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি, তারা জীবিত আছেন কি না তা নিশ্চিত হতে জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে যেতে চাইলে সে অনুমতি দেওয়া হয়নি।