স্পোর্টস রিপোর্টার
৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে বড় একটা দুশ্চিন্তায় পড়েছে তারা। অধিনায়ক বিরাট কোহলি ডান হাতে বুড়ো আঙুলে চোট নিয়ে শনিবার মাঠ ছেড়েছেন। এটা কোনো সংবাদমাধ্যম নিশ্চিত করতে পারেনি যে, ফিল্ডিং নাকি নেট ব্যাটিংয়ে চোট পেয়েছেন কোহলি। তবে এটা নিশ্চিত যে, চোট নিয়েই সাউদাম্পটনে সেদিন আগে আগে ট্রেনিং শেষ করেছেন কোহলি।
ভারতীয় অধিনায়ক মাঠ ছেড়ে বের হওয়ার সময় একটা গ্লাস ভর্তি বরফে আঙুল ডুবিয়ে নিয়ে বের হয়েছেন। এরপর দলের ফিজিওথেরাপিস্ট প্যাট্রিক ফারহাদ দীর্ঘ সময় ধরে কোহলির পরিচর্যা করেন।
ভারতীয় দলের ম্যানেজমেন্ট এখনো কোহলির ইনজুরির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে এই ইনজুরি দক্ষিণ আফ্রিকার ম্যাচ সামনে রেখে ভারতীয় সংবাদমাধ্যমে উদ্বেগ তৈরি করেছে। যদিও ম্যাচের এখনো তিনদিন বাকি। ফলে কোহলি সেরে ওঠার ভালো সময় পাচ্ছেন।
বার্তা সংস্থা পিটিআইকে দলের একটি সূত্র জানিয়েছে, ‘সে (কোহলি) ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পেয়েছে। এ নিয়ে এখন আর দুশ্চিন্তার কিছু নেই।’
দুশ্চিন্তা নেই বললেও ভারতীয় শিবিরে ইনজুরি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ছাড়া কমছে না। দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার জাদব এখনো তার কাঁধের ইনজুরি থেকে পুরো সেরে উঠতে পারেননি। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচে কনুইতে আঘাত পেয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর।