স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী পারফরম্যান্সের পর গোটা ক্রিকেট বিশ্বই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। আর দেশটির কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডও মানছেন, শুধু একটা ম্যাচই নয় গোটা বিশ্বকাপে আরো বেশ কয়েকবার চমকে দেওয়ার সক্ষমতা আছে এই দলটির।
গেল শুক্রবারের ম্যাচে ক্যারিবিয়ানদের পেস তাণ্ডবের সামনে ম্যাচে পাকিস্তান করে মাত্র ১০৫ রান। এটা ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে অল আউট হওয়ার পর বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। পাকিস্তান এবার ২২ ওভারের বেশি ব্যাটিংই করতে পারেনি। ওশানে থমাসের চারটি ও অধিনায়ক জেসন হোল্ডারের তিনটি উইকেট সরফরাজদের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়। পরে জবাব দিতে নেমে গেইলের হাফ সেঞ্চুরিতে মাত্র ১৩.৪ ওভারেই জিতে যায় ক্যারিবিয়ানরা। এই ম্যাচটির ব্যাপারে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে লেখা এক কলামে ক্লাইভ লয়েড লিখেছেন: ‘আমি মনে করি পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সটা ছিল অনন্য। ওরা খুব দারুণভাবে উইকেটের সুবিধাটা কাজে লাগাতে পেরেছে। এখন এই ব্যাপারটা ধরে রেখে শেষ চার নিশ্চিত করতে হবে।’
ক্রিকেট ইতিহাসের প্রথম তিনটি আসরের ফাইনাল খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে প্রথম দু’বার চ্যাম্পিয়ন হয় দলটি। তিনটি আসরেই ক্যারিবিয়ানদের অধিনায়ক ছিলেন এই লয়েড। সেই লয়েড এবারের বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের দারুণ সুযোগ দেখছেন। তিনি লিখেছেন, ‘আমি মনে করি ছেলেরা এবার আরো কয়েকটা ম্যাচে চমকে দিতে পারে। দলটার মধ্যে আগুন আছে। ওরা যেকোনো প্রতিপক্ষের জন্যই এবার হুমকির কারণ হতে পারে।’
জেসন হোল্ডারের নেতৃত্বে ক্যারিবিয়ান দলটা যেভাবে পারফর্ম করছে তাতে গর্বিত লয়েড। তিনি বলেন, ‘দলটাকে বেশ পারফর্ম করতে দেখছি। এই লড়াই আমার গর্বের কারণ। তবে আমি মনে করি আমাদের ব্যাটিং সামর্থ্যের পরীক্ষা সামনেই দিতে হবে। প্রথমে ব্যাট করে কি করে বড় স্কোর বোর্ডে জমা করতে হয় সেটাই এখন আমাদের চ্যালেঞ্জ।’
আগামী ছয় জুন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এটাকে দলটির জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখছেন এই কিংবদন্তি। তিনি বলেন, ‘আমি শুধু দেখতে চাই চাপের মুখে পড়লে এই দলটা কি করতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য দারুণ একটা পরীক্ষা হবে। অস্ট্রেলিয়া দলে বেশ ভালো কিছু ব্যাটসম্যান আছেন। আমি মনে করি, এটা দারুণ একটা ম্যাচ হবে। এই ম্যাচটা দেখলে বোঝা যাবে, ওয়েস্ট ইন্ডিজ আদৌ শেষ চারে যেতে পারবে কি পারবে না।’