সরকারি সুফিয়া মহিলা কলেজে শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকট

মাদারীপুর জেলা সদরের সরকারি সুফিয়া মহিলা কলেজে বর্তমানে শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ২০২০ সালে পুরাতন ভবনটি ভেঙে ফেলার পর শ্রেণিকক্ষে স্থানসংকুলান সমস্যা প্রকট হয়ে ওঠে। এদিকে নতুন ভবন নির্মাণের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে বর্তমানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা সদরে ১৯৮৪ সালে সুফিয়া মহিলা কলেজ স্থাপিত হয়। ১৯৯৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। কলেজটি জাতীয়করণের পর থেকেই শিক্ষক সংকটও লেগে আছে। কলেজ শিক্ষার্থী নাদিরা, স্মৃতি, সুমনা, ডেইজীসহ অন্যরা জানায়, শিক্ষক সংকটের কারণে লেখাপড়া বিশেষ করে ব্যবস্থাপনা, গার্হস্থ্য, অর্থনীতি, রসায়ন এবং গ্রন্থাগার ও তথ্য বিভাগে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অন্যদিকে পুরাতন ভবনটি ভেঙে ফেলায় শ্রেণিকক্ষের সংকট প্রকট আকার ধারণ করেছে বলে শিক্ষার্থীরা জানায়। কলেজ অধ্যক্ষ প্রফেসর রীনা রানী বৈদ্য সরকারি সুফিয়া মহিলা কলেজটিতে বর্তমানে ১৪ শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২০২০ সালে নতুন ভবন নির্মাণের লক্ষ্যে পুরাতন ভবনটি ভেঙে ফেলা হয়। দীর্ঘদিনেও নতুন ভবন নির্মাণের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেও তিনি জানান।