আত্মবিশ্বাস নিয়ে লাওস যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার

লাওসে যাওয়ার আগে বাংলাদেশের ফুটবলাররা বেশ ভালোই আত্মবিশ্বাস পেয়েছে। দুই দুটি প্রস্তুতি ম্যাচে প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স করেছেন জামাল ভুইয়ারা। ক্লাব দলের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে। খুশি দলের ব্রিটিশ কোচ জেমি ডে। যেমনটি চেয়েছিলেন তার চেয়ে ভালোই পেয়েছেন। অন্তত লাওস যাওয়ার আগে এমন প্রস্তুতি ম্যাচ টনিকের মতো কাজ করতে পারে তেমনি আত্মবিশ্বাসটাও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। জামাল ভুইয়া, টুটুল হোসেন বাদশা, ইমন বাবু, মতিন মিয়া, নাসির চৌধুরী, মামুনুল ইসলাম, বিপলু আহমেদ, সবুজদের মনটাও চাঙ্গা। কোচ যেভাবে দলটাকে প্রস্তুত করাতে চেয়েছিলেন সেভাবেই আগাচ্ছেন। যেভাবে দলটাকে সাজাতে চেয়েছিলেন তাও প্রায় সম্পন্ন। বেশ খুশি মনেই লাওস যাচ্ছেন জেমি।

আজ বেলা সাড়ে ১১টায় লাওসের উদ্দেশ্যে থাইল্যান্ড ছাড়বে ফুটবল দল। লাওসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ জুন। ঢাকায় ফিরতি ম্যাচ ১১ জুন। থাইল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে জেমি চেয়েছিলেন একটা সেরা একাদশ সাজাতে। তা নাকি প্রায় হয়ে গেছে। কাদের নিয়ে একাদশ সাজাবেন এটা তিনি নোটবুকে টুকে রেখেছেন। সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। যখন যাকে প্রয়োজন তাকে মাঠে নামানো হবে। লাওসের বিপক্ষে সেরা একাদশ কিংবা সাই বেঞ্চের ফুটবলার, সবাইকে সমান যোদ্ধা মনে করছেন জেমি। মাথায় ঢুকিয়ে দিয়েছেন সবাইকে সমান শ্রম দিতে হবে। সবুজ অনেক দিন জাতীয় দলে ছিলেন না। তাকে এবার জাতীয় দলে নিয়ে চমক দিয়েছিলেন জেমি। সেই সবুজ জেমির আস্থার প্রতিদান দিয়েছেন।

বসুন্ধরা কিংসের এই ফুটবলার সবুজ আগেও জাতীয় দলে খেলেছিলেন। এবার তিনি নতুন রুপে এসেছেন। নতুন চ্যালেঞ্জ নিয়ে লড়াই করছেন। প্রস্তুতি ম্যাচে ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে সবুজকে।