শেহবাজ শরীফকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পাকিস্তানের নব নিযুক্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছে মার্কিনিরা বলে অভিযোগ উঠার পর বাইডেন প্রশাসন থেকে এই অভিনন্দনের বাণী এলো।

অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর রবিবার ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন এবং পরের দিন পাকিস্তানের আইনপ্রণেতারা শরীফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানাই এবং আমরা পাকিস্তান সরকারের সাথে আমাদের দীর্ঘস্থায়ী সহযোগিতা অব্যহত রাখার জন্য উন্মুখ।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক পাকিস্তানকে আমাদের উভয় দেশের স্বার্থের জন্য অপরিহার্য মনে করে।’

পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী কখনো পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেননি, তবে ইমরান খান প্রথম যিনি অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া এবং নতুন নির্বাচনের ডাক দেয়াসহ সব চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সুপ্রীম কোর্ট তার সমস্ত উদ্যোগকে বেআইনি ঘাষণা করে এবং পালামেন্ট বসে ভোট দেয়ার ব্যবস্থা করে।