কাউখালীতে ২ শ্রমিকের লাশ উদ্ধার

কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকা থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম।

নিহতরা হলেন, কাউখালীর দক্ষিণ পাড়ার কবির আহমদ মিস্ত্রির ছেলে মোঃ পেয়ার মোহাম্মদ (৫০) এবং কাউখালী বেতবুনিয়া গ্রামের অঞ্জন বড়ুয়ার ছেলে সুফল বড়ুয়া (৩৮)।

জানা গেছে, উপজেলার ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়িতে নতুন করে দেওয়াল নির্মাণের জন্য কাজ করছিলেন দুই শ্রমিক। হঠাৎ করে পাহাড় ধ্বসে পড়ে এই দুই শ্রমিকের উপর। এবং ধ্বসে পড়া পাহাড়ের মাটি চাপা পড়েন দুই শ্রমিক। পরে খবর পেয়ে বেতবুনিয়া পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থল থেকে মৃত দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাস সরকার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম। তবে তিনি বলেন, কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।