ডেপুটি স্পিকারকে চড়-ঘুষি মারলেন ইমরানের দলের সদস্যরা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনপ্রণেতা এসময় 'দলত্যাগ করার' জন্য মাজারিকে আক্রমণ করেন, তার চুল ধরে টানাহেঁচড়া করেছেন। শনিবার (১৬ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, নিরাপত্তারক্ষীরা দোস্ত মুহাম্মদ মাজারিকে উদ্ধার করার আগে ইমরানের দলের সদস্যরা তাকে চড়-ঘুষি মারেন এবং টানাহেঁচড়া করেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা (বদনা) নিয়ে ঢোকেন। পিটিআই থেকে দলত্যাগ করা নেতাদের উদ্দেশে লোটা লোটা বলে শ্লোগান দেন। 

এসময় তারা বলেন, তাদের দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হয়েছেন হামজা শাহবাজ এবং পারভেজ এলাহি। এই দুইজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। 

নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ছেলে হামজা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং অন্যান্য জোটের যৌথ প্রার্থী। অন্যদিকে পিটিআই সমর্থিত হচ্ছেন পিএমল-কিউ'র পারভেজ এলাহি।  

প্রতিবেদনে বলা হয়েছে পিটিআইয়ের বিদ্রোহী সদস্যরা ভোট দিতে পারলে নিশ্চিন্তে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন হামজা। 

এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পার্লামেন্টের বাইরে মোতায়েনরত পুলিশ ভেতরে প্রবেশ করেন। এলাহি এবং অন্যান্য সদস্যরা এর প্রতিবাদ জানান। তারা এটিকে সংসদের পবিত্রতা লঙ্ঘন বলে অভিহিত করেন।

তিনি বলেন, পাকিস্তানের ইতিহাসে পাঞ্জাব পার্লামেন্টে কখনো পুলিশ প্রবেশ করেনি। আমরা পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল পুলিশকে তলব করব এবং তাকে আইনের অধীনে এক মাসের জন্য শাস্তি দেবো।