গৌরনদীতে অস্ত্রসহ দুই আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতির কালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নরুজ্জামান কাজী ও আতাউর রহমান মোল্লাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ পালরদী এলাকার বাদল সোমের বাড়ির পাশ থেকে এলাকাবাসির সহযোগিতায় তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক ডাকাত কৌশলে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা শিকার করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত ডাকাতরা দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত। গ্রেফতারকৃতদের বাড়ি মাদারীপুর জেলায়। পুলিশ শনিবার দিবাগত রাত সারে ১২ টার দিকে গ্রেফতারকৃতদের নিয়ে অভিযানে নামেন। ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী দক্ষিণ পালরদী এলাকার বালুর মাঠের কাছে জঙ্গল থেকে ডাকাতিতে ব্যাবহারের জন্য অস্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তাদের কাজ থেকে একটি রিভলবার, রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাদের কাছে লোহার গেট, স্টিলের আলমিরা এবং তালা ভাঙ্গার কয়েকটি যন্ত্রও পাওয়া যায়। রবিবার তাদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, ধৃত ডাকাতরা গৌরনদীতে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে। এ সব ডাকাতদের সাথে স্থানীয় কোন দুর্বৃত্তের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখে তাদেরকেও আইনের আওতায় আনা ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।