তৈরি পোশাকসহ কাভার্ডভ্যান উদ্ধার, সাত চোর গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট 

তৈরি পোশাক ও কাভার্ডভ্যানসহ চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সিরিয়াস ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। শনিবার রাজধানীর তুরাগের ধৌড় চৌরাস্তায় কাভার্ডভ্যান থেকে কার্টন খুলে মালামাল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে তারা। গ্রেফতারকৃতরা হলো— রাসেল ওরফে শাহজাহান, মঞ্জুরুল ইসলাম, মনির হোসেন, খোরশেদুল আলম ওরফে মামুন, মধু শেখ, নাজির ও আব্দুল করিম। গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ডিবির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, গার্মেন্টসের তৈরি পোশাক বিদেশে শিপমেন্টের পথে চোরচক্র পথের মধ্যে কাভার্ডভ্যান থামিয়ে কার্টন খুলে মালামাল বের করে সরিয়ে রাখে। পরে কার্টন আগের মতো অবস্থায় রেখে চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেয়। ওই কার্টন বিদেশে রপ্তানির পর বায়ার মালামাল কম পেয়ে মালিকপক্ষকে টাকা দিতে এবং ভবিষ্যতে মালামাল নিতে অস্বীকৃতি জানায়। যা দেশের পোশাক শিল্পের জন্য চরম ক্ষতিকর। শনিবার সকালে চক্রটি তুরাগের ধৌড় চৌরাস্তায় কাভার্ডভ্যানের কার্টন থেকে মালামাল সরানোর সময় হাতেনাতে ধরা পড়ে এর সাত সদস্য। ২৫৯ কার্টনে ৩ হাজার ১০৮ পিস প্যান্ট ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। এটি ছিল মেসার্স লেনী অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টেসের পোশাক।

ডিবি কর্মকর্তা বলেন, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভাবমূর্তি বিদেশিদের কাছে ক্ষুণ্ন করার জন্য এবং এই শিল্পকে ধ্বংস করতে কার্টন থেকে কিছু মালামাল সরিয়ে রাখত।