নো-ভিসা ভোগান্তির অবসানে কানাডায় কনস্যুলেট জেনারেলকে স্মারকলিপি

সম্প্রতি কানাডাস্থ বাংলাদেশিদের জন্য নো-ভিসার ভোগান্তির অবসানে স্থানীয় কনস্যুলেট জেনারেলকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশি-কানাডিয়ান নাগরিক অধিকার ফোরাম।

পরে ফোরামের নেতৃবৃন্দ পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে টরন্টোর সেফার্টস্থ অফিসে নব নিযুক্ত কনসাল জেনারেল মো. লুৎফর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কনসাল জেনারেল লুৎফর রহমান, কনসুলার ফাহমিদা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন ফায়েজুল করিম, নওশের আলি, মাহবুব চৌধুরী রনি, ইমরুল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ। বৈঠকে কর্মকর্তারা বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন।

ইতোপূর্বেও অটোয়াস্থ হাই কমিশনার খলিলুর রহমানের স্বরচিত আইনের প্রতিবাদে এবং নো-ভিসা ভোগান্তির অবসানে স্মারকলিপি দেওয়া হয়। তবে এ ব্যাপারে কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে ফোরামের নেতৃবৃন্দরা জানান।

গত ১১ এপ্রিল প্রদত্ত স্মারকলিপিতে নিম্নলিখিত বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়

*প্রবাসী বাংলাদেশি কানাডিয়ানদের নো-ভিসা প্রাপ্তি পূর্বের ন্যায় অবিলম্বে সহজ করা হোক।

*পূর্বের কানাডিয়ান পাসপোর্টে নো-ভিসা সিল থাকলে পুনরায় তাদের নতুন কানাডিয়ান পাসপোর্টে সিল/ভিসা দিতে হবে।

*দূতাবাসের সেবা অনলাইন সহজ করা, সার্ভারের সার্বক্ষণিক এক্সেস এবং অফিস চলাকালীন অবশ্যই সার্বক্ষণিক ফোন সার্ভিস চালু রাখতে হবে। অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও আবেদনের ব্যবস্থা রাখা হোক।

*পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট আবেদন/প্রাপ্তি সহজ করা হোক।

*বাধ্যতামূলক ফেসবুক আইডি ও ইউটিউব লিংক নিয়ম বাতিল করা হোক।

অটোয়ায় দূতাবাসে এবং টরন্টোস্থ উপ-দূতাবাসে দুই ধরণের নিয়ম চলছে। ফলে ফোরামের পক্ষ থেকে অচিরেই হাইকমিশন অটোয়ার মত সহজ পদ্ধতি বলবত করার দাবিও জানানো হয়।

প্রবাসী-বাংলাদেশীদের নো-ভিসার বিষয়ে কনসাল জেনারেল জানান, এখন থেকে নো-ভিসা পেতে মেশিন রিডেবল বা হাতে লেখা যেকোনো পুরাতন বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন, তা মেয়াদ উত্তীর্ণ হলেও চলবে।

১৮ বছরের কম বয়সের ছেলে-মেয়েদের (মাইনর) যাদের বাংলাদেশি পাসপোর্ট নেই তাদের জন্য মা বাবার পাসপোর্ট রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ মা-বাবার পাসপোর্ট লাগবে।

১৮ বছরের ঊর্ধ্বে যাদের বাংলাদেশি পাসপোর্ট নেই তাদের কানাডিয়ান নাগরিক হিসাবে ভিসা নিতে হবে।