বড় সব ঈদ জামাতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ----------------- স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশের বড় সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গতকাল রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষদের ঈদসামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বড় ঈদ জামাতগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বড় বড় জামাতে সাদা পোশাকে, ইউনিফর্মে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। তিনি বলেন, যারা ইসলামকে কালিমাযুক্ত করতে চায়, যারা ইসলামের ভালো চায় না, তাদের প্রতিহত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তত্পর রয়েছে। এদেশের জনগণ তাদের চায় না, তাদের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেয় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় যদি কোথাও ঈদ জামাত আয়োজন করে তাহলে তাদেরও নিরাপত্তা দেওয়া হবে। মোটকথা এদেশের জনগণ কোনো সহিংসতা চায় না। সবাই মিলেমিশে বসবাস করতে চায়। একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়।

জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কি না- সাংবাদিকদের এমন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনও বলিনি এদের মূল উত্পাটন করে শেষ করে ফেলেছি। এরা দেশি ও বিদেশি চক্র। এরা সবসময় চক্রান্তে লিপ্ত হয়। তবে এরা বড় ধরনের কোনো আক্রমণ করতে সক্ষম হবে না। এরপরও আমাদের গোয়েন্দারা সবসময় সজাগ রয়েছে। রাজধানী থেকে স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সড়কে কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। সড়ক, মহাসড়কগুলোতে আগের তুলনায় ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে।

রাজধানীতে ঈদের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, তিনি নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। রাজধানীতে কোনো ধরনের অঘটন ঘটবে না। ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি কমেছে। বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবাই সতর্ক থাকলে আর কোনো ঘটনা ঘটবে না। সাংবাদিকদের অপর এক প্রশ্নের  জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মালিবাগ ও পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের শিগগিরই শনাক্ত করে ধরা হবে। তাদের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে।